মধ্যপ্রাচ্যে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে তেহরানের হামলার ঘটনায় অঞ্চলজুড়ে উত্তেজনা ও যুদ্ধাবস্থা বিরাজ করছে। সৃষ্ট পরিস্থিতিতে কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দেশগুলোতে থাকা বাংলাদেশের দূতাবাসগুলো পৃথকভাবে সতর্কবার্তা জারি করেছে এবং জরুরি যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দূতাবাসগুলো সার্বক্ষণিক যোগাযোগ ও সহায়তা প্রদানের প্রস্তুতি নিয়েছে।
### জরুরি হটলাইন নম্বরসমূহ
১. কাতার (দোহা):
হটলাইন: +৯৭৪৩৩৬৬২০০০
ইমেইল: [mission.doha@mofa.gov.bd](mailto:mission.doha@mofa.gov.bd)
২. বাহরাইন:
হটলাইন: +৯৭৩৩৩৩৭৫১৫৫
ইমেইল: [mission.manama@mofa.gov.bd](mailto:mission.manama@mofa.gov.bd)
৩. সংযুক্ত আরব আমিরাত:
হটলাইন: +৯৭১২৪৪৬৫১০০
ইমেইল: [mission.abudhabi@mofa.gov.bd](mailto:mission.abudhabi@mofa.gov.bd)
৪. ইরাক:
হটলাইন: +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০
ইমেইল: [mission.baghdad@mofa.gov.bd](mailto:mission.baghdad@mofa.gov.bd)
দূতাবাসের বিশেষ সতর্কতা :
দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে কাতারে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকা এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের সবসময় সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও সামগ্রী রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—নগদ অর্থ, উক্ত দেশের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল ফোন ও চার্জার এবং শুকনো খাবার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি দূতাবাসগুলো নিয়মিত স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ, গুজবে কান না দেওয়া এবং যেকোনো জরুরি প্রয়োজনে সরাসরি দূতাবাসের হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।