চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পারিবারিক ও জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহত পক্ষ মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে আসমা বেগম (৬০) বাদী হয়ে ওয়াজকুরনী’সহ চারজনকে বিবাদী করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়নের দক্ষিণ রারীকান্দি গ্রামের দোখাই সরকার বাড়ির বাসিন্দা আসমা বেগমের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জায়গাজমি ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (৪ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে আসমা বেগমের ছোট ভাইয়ের শাশুড়ি মনোয়ারা বেগম (৭৫) তাদের বাড়িতে বেড়াতে আসেন। এ সময় তাকে নিয়ে অভিযুক্তদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে মনোয়ারা বেগমকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় মনোয়ারা বেগমকে রক্ষা করতে এগিয়ে গেলে আসমা বেগমকেও মারধর করা হয়। এতে তিনিও আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় এক নারী অভিযুক্ত মনোয়ারা বেগমের গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যান। এছাড়া বসতঘরের টিনের বেড়া ভাঙচুর করে ক্ষয়ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ওয়াজকুরনী বলেন, এ ঘটনার সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাদেরকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ অভিযোগ করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে আমার অনুরোধ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। আমি অপরাধী হলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, আর নিরপরাধ প্রমাণিত হলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার বিষয়টিও তদন্ত করা হোক।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।