“বন্ধুত্বের ঐক্য গড়ে, সেবার সুড়ঙ্গ পথে হাঁটবো”– এই স্লোগানে উজ্জীবিত চাঁদপুরের তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা’ আয়োজিত ২০২৪ সালের ৫ম শ্রেণির মেধাবৃত্তি এবং ১২তম বর্ণ প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মুহাম্মদ আল আমিন মিয়াজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এএস পলাশ ও সহ-সভাপতি ওয়ালীউল্লাহ সরকার তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মেধাবৃত্তি বিজয়ী শিক্ষার্থী আরিয়ান আল আরাফ এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী আদ্রিতা সরকার।
প্রধান অতিথি মতলব কচি-কাঁচার মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু বলেন, “ভাষার মাসে বর্ণ প্রতিযোগিতা এবং মেধাবৃত্তি আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রেরণাদায়ক। বর্ণ ভাষার মূল ভিত্তি, এটি সঠিকভাবে না শিখলে ভাষার কার্যকারিতা থাকে না।
৫ম শ্রেণিতে মেধাবৃত্তি এবং প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে বর্ণ প্রতিযোগিতা মেধা অন্বেষণে খুব প্রেরণাদায়ক। আমরা শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া সহ সবক্ষেত্রে সবাই মিলে আমাদের এই ঐতিহ্য, মান ধরে রাখতে কাজ করবো। এসময় তিনি বলেন-মেধাবৃত্তি ও বর্ণ প্রতিযোগিতা কোমলপ্রাণ শিক্ষার্থীদের পড়াশোনায় আরো আগ্রহী করে তোলবে।
অঙ্গীকার বন্ধু সংগঠন স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ চালিয়ে যাচ্ছে। আমি এই সংগঠনের শুরু থেকে আছি। ২০১৪ সাল থেকে এই প্রতিযোগিতা ব্যাপক সাড়া ফেলেছে। আমি আমার অবস্থানে থেকে অঙ্গীকার বন্ধু সংগঠনের ভালো ভালো কাজ এগিয়ে নিতে সম্পৃক্ত থাকবো।”
বিশেষ অতিথি মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি গোলাম সারোয়ার ফরিদি বক্তব্যে অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থার নামকরণ সহ স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজের বিষয়ে ইসলামি রেফারেন্স তুলে ধরে তাৎপর্য ব্যক্ত করেন। পিছিয়ে পড়া সমাজে সাংগঠনিক কাজ এগিয়ে নেয়ায় সংগঠনের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন সহ সবসময় ভালো কাজে পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন।
অন্যান্য বক্তার মধ্যে মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ফারুক আহমেদ বাদল, সাংবাদিক সাইয়্যেদুল আরেফিন শ্যামল, রেদোয়ান আহমেদ জাকির, এ এম ইদ্রিস খান, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ মামুন মিয়া এবং শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ নুরুজ্জামান ও হাসান মামুন বক্তব্য রাখেন। তারা সংগঠনের করোনাকালীন স্বেচ্ছাসেবা, মাদকমুক্ত সমাজ গঠন এবং ২০১৩ সাল থেকে অব্যাহত কার্যক্রমের প্রশংসা করেন।
উপস্থিত সকল বক্তা তাদের বক্তব্যে উল্লেখ করেন, অঙ্গীকার বন্ধু সংগঠন করোনাকালীন সময়ে উপজেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন। মাদকমুক্ত সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সামাজিক সংগঠন হিসেবে অঙ্গীকার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
তারা বলেন, করোনাকালীন সময় সহ বিভিন্ন দূর্যোগকালীন সময়ে অঙ্গীকার বন্ধু সংগঠন অতীতে পীড়িত মানুষের পাশে ছিলো। ২০১৩ সাল থেকে স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে বিরতিহীনভাবে। এই সকল কাজ করতে গিয়ে বিভিন্ন বাঁধা-বিপত্তি অতিক্রম করে বন্ধুত্বের ঐক্য গড়ে, সেবার সূড়ঙ্গ পথে হেঁটে চলছে। বক্তারা এমন মহতী উদ্যোগে একাত্মতা প্রকাশ করেন এবং আগামী দিনেও এরকমভাবে মহতী কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
মেধাবৃত্তি পরীক্ষায় ৫ জন ট্যালেন্টপুল এবং ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেন। বর্ণ প্রতিযোগিতায় প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির ২০ জন মেধাস্থানক্রমে এবং ২০ জন বিশেষ ক্যাটাগরিতে পুরস্কৃত হন। বিজয়ীদের ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানি প্রদান করা হয়। সংগঠনের সহ-সভাপতি জয়ন্তী ভৌমিক মূল বক্তব্য উপস্থাপন করেন।
সারসংক্ষেপ আলোচনা করেন এলিট পরিষদের সদস্য রোমান সরকার, কার্যনির্বাহী পরিষদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিহাদুল ইসলাম।
আয়োজন সফল করেন অর্থ সম্পাদক মাহিনুর ইসলাম বৃষ্টি, সদস্য সচিব মো. কামরুল হাসান, প্রচার সম্পাদক সিমান্ত পাল, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক সৈকত তালুকদার, সদস্য মাজেদা আক্তার, সিয়াম হোসেন সহ অন্যান্য সদস্যগণ।
সমাপনী বক্তব্যে সভাপতি মুহাম্মদ আল আমিন মিয়াজী বলেন, “আমাদের এই উদ্যোগে সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ ধন্যবাদ সেলিম মোহাম্মদকে, যিনি পরামর্শ ও আর্থিক সহায়তা দিয়েছেন। উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানাই।”