April 6, 2026, 8:51 pm

বাগেরহাটের চার আসনের মধ্যে বিএনপির দখলে বাগেরহাট-৩: ধানের শীষের কাণ্ডারী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগে বিএনপি তুলনামূলকভাবে সীমিতসংখ্যক আসনে জয় পেলেও বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসনে বিজয় অর্জন করেছে দলটি।

জানা যায়, বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন, যা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, এবার ধানের শীষের প্রার্থীর দখলে এসেছে।

এই আসনে বিজয়ী হয়েছেন সমাজসেবা ও রাজনীতিতে পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম। স্থানীয় পর্যায়ে তিনি দীর্ঘদিন ধরে জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।

গুরুত্বপূর্ণ ও কৌশলগত আসন :

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনটি দেশের অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অবস্থিত দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা বন্দর, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), একাধিক শিল্পপ্রতিষ্ঠান, দেশের বৃহৎ খাদ্যগুদাম (সাইলো) এবং পার্শ্ববর্তী বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। ফলে এ আসনের সংসদ সদস্যের ওপর স্থানীয় ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তায়।

এ আসনে এর আগে একাধিকবার নির্বাচিত হয়েছেন তালুকদার আব্দুল খালেক, যিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাঁর স্ত্রী হাবিবুন নাহার পরিবেশ ও বন উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন আওয়ামী লীগের প্রভাববলয়ে থাকা এই আসনে বিএনপির বিজয় রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

নির্বাচনের ফলাফল :

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে প্রকাশিত বেসরকারি ফলাফল অনুযায়ী, বাগেরহাট-৩ আসনের ১০৬টি ভোটকেন্দ্রে লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে মোট ১ লাখ ৩ হাজার ৭১১ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ পান ৮৩ হাজার ১০৫ ভোট। ফলে ২০ হাজার ৬০৬ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপি প্রার্থী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৬৬ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৪ জন।

জনসেবায় সম্পৃক্ততা :

লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে চক্ষু চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে যুক্ত রয়েছেন। স্থানীয়ভাবে তিনি দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে করোনা মহামারির সময় তাঁর উদ্যোগে খাদ্য ও চিকিৎসা সহায়তা কার্যক্রম প্রশংসিত হয়।

দলের দুর্দিনে নির্যাতিত ও বিপর্যস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং সামাজিক সহমর্মিতার কারণে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কাছেও আস্থার প্রতীক হয়ে ওঠেন।

বিজয়োত্তর প্রতিক্রিয়া :

বিজয়ী হওয়ার পর লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,

“ভোটাররা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রক্ষা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। নির্বাচনকালীন সময়ে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করব।”

তিনি আরও বলেন, এলাকায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তুলে সামাজিক প্রতিরোধ সৃষ্টি করা হবে। উন্নয়ন, কর্মসংস্থান এবং বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

স্থানীয়দের প্রত্যাশা :

স্থানীয় আপামর জনসাধারণের অভিমত, বাগেরহাট-৩ আসনটি দেশের অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। বিশেষ করে মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে মনে করেন তারা।

বাগেরহাট-৩ আসনে বিএনপির এই বিজয় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা