বাগেরহাটের চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে ভাঙচুর এবং চার্চে সংরক্ষিত মা মারিয়ার মূর্তি পাশের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মো. ফায়জুল শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে চার্চসংলগ্ন পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
গ্রেপ্তার মো. ফায়জুল শেখ চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের সোহরব শেখের ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের বারান্দায় থাকা একটি কাঁচের বক্সে ভাঙচুর চালান ফায়জুল শেখ। পরে ওই বক্সের ভেতরে সংরক্ষিত মা মারিয়ার মূর্তিটি নিয়ে পাশের পুকুরে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম বাদী হয়ে চিতলমারী থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে।
পরে পুলিশ ফায়জুল শেখকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চার্চের পশ্চিম পাশের পুকুরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পানির নিচ থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ফায়জুল শেখের বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলাও রয়েছে। উদ্ধার করা মূর্তিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।