বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনের ছাদের প্লাস্টার খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন।
সোমবার (১৩ জুলাই) দুপুরে আদালত ভবনের নিচতলায় কচুয়া আদালতের এজলাসসংলগ্ন বারান্দায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভবনটির নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা যায়, বিচারিক কার্যক্রম চলাকালে হঠাৎ তিনতলা ভবনের ছাদের একটি বড় অংশের প্লাস্টার খসে নিচে অবস্থানরত বিচারপ্রার্থীদের ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই সুমন দাস, হৃদয় হাওলাদার, হাবিবুল্লাহ শেখ, মো. ফিরোজ শেখ ও মোতালেব হোসেন আহত হন। দুর্ঘটনার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত বিচারপ্রার্থী মো. ফিরোজ শেখসহ কয়েকজন জানান, ভবনটির ছাদে দীর্ঘদিন ধরেই ফাটল ও প্লাস্টার খসে পড়ার লক্ষণ দেখা যাচ্ছিল। তবে বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত থাকলেও প্রয়োজনীয় সংস্কার বা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আদালতের এজলাস সংলগ্ন বারান্দায় প্রতিদিন বিপুল সংখ্যক বিচারপ্রার্থী ও আইনজীবীর উপস্থিতি থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আগেই ছিল বলে তারা দাবি করেন।
বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ আদনান হোসেন জানান, আহতদের মাথা, ঘাড় ও পায়ে আঘাত লেগেছে। তবে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম. এম. মাহাবুব মোর্শেদ লালন বলেন, আদালত ভবনটি অত্যন্ত পুরোনো এবং দীর্ঘদিন ধরে এর বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঘটনার পর বিচারকরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, ভবনটির ঝুঁকিপূর্ণ অংশ সংস্কারের জন্য গণপূর্ত অধিদপ্তরকে এর আগেও একাধিকবার অবহিত করা হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিলম্ব হওয়ায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ভবনটির জরুরি সংস্কার কিংবা প্রয়োজন হলে পরিত্যক্ত ঘোষণা করে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
আইনজীবী ও বিচারপ্রার্থীদের মতে, আদালতের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা দ্রুত প্রকৌশলগত পরীক্ষা-নিরীক্ষা করে ঝুঁকিপূর্ণ অংশগুলো সংস্কার এবং বিচারপ্রার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সংশ্লিষ্ট মহলের মতে, বাগেরহাট আদালত ভবনের এই দুর্ঘটনা দেশের পুরোনো সরকারি ভবনগুলোর অবকাঠামোগত দুর্বলতার একটি সতর্কবার্তা। দ্রুত সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।