উচ্চ দ্রব্য মূল্যের কষাঘাতে সাধারণ মানুষ যখন জর্জরিত ঠিক সে সময় সবজি ক্রয়ে জনজীবনে কিছুটা স্বস্তি ফেরাতে চাঁদপুরের মতলব উত্তরে কৃষকদলের উদ্যেগে বিনামূল্য শাকসবজি বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার বাগানবাড়ি ইউনিয়ন কৃষকদলের উদ্যেগে বাংলা বাজার মোড়ে এ শাকসবজি বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু।
বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষকদলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম সাগর।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সাধারণ মানুষের মাঝে কম মূল্যে সবজি বিক্রি কার্যক্রম শুরু করেছি।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার ব্যবসায়ী সিন্ডিকেট এখনো গাপটি মেরে বসে আছে। তারা অতি মুনাফার লোভে বাজারে সকল জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। সবজির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। শ্রমজীবী সাধারণ মানুষকে সেবা দিতে আমরা কৃষক দলের পক্ষ থেকে স্বেচ্ছায় শ্রম দিয়ে এমন কর্মসূচি হাতে নিয়েছি। বাজারে সবজির দাম না কমা পযর্ন্ত আমাদের এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
বাগানবাড়ি ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাদা সরকারের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন লাবু, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন পিন্টু, ছেংগারচর পৌর কৃষক দলের সভাপতি জাকির হোসেন দর্জি, উপজেলা শ্রমিকদলের সভাপতি আবু সুফিয়ান, যুবদল নেতা শাহীন খান, ওয়াদুদ ভূঁইয়া প্রমুখ।
পরে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে শাকসবজি বিতরণ করা হয়েছে।