চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা অডিটোরিয়ামে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রামের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহরিয়ার কামালের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আজারুল হক মুকুল। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দল হলো বিএনপির শক্তিশালী সংগঠন। দেশের ক্রান্তিকালে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাই আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তরুণদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন। এছাড়া বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান এখন, সদস্য ফয়সাল খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন দিনে আন্দোলনকে আরও বেগবান করার জন্য কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।