বাংলাদেশ পুলিশ পদক-২০২৫-এ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) অর্জনের পর মতলবের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আরও বেশি দায়িত্বশীল থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবির হুসনাইন সানীব।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় এএসপি মতলব সার্কেল এর কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি পুলিশ পদক পাওয়ায় বাংলাদেশ পুলিশ ও মতলবের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এএসপি জাবির হুসনাইন সানীব বলেন, এ অর্জন শুধু তার একার নয়। মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানার সকল সহকর্মীর আন্তরিক প্রচেষ্টা, পরিশ্রম ও সহযোগিতার কারণেই এ পদক অর্জন সম্ভব হয়েছে।
তিনি বলেন, এ পদকের কারণে মতলবের সাধারণ মানুষের প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের অপরাধ থেকে নিবৃত্ত করতে আমি আরও বেশি দায়বদ্ধ থাকব।
মতলবে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, সম্প্রতি কিশোর গ্যাংবিরোধী অভিযানে প্রায় শতাধিক কিশোরকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে মামলা দেওয়া হয়েছে। অন্যদের অভিভাবকের জিম্মায় মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।
মাদকবিরোধী অভিযান নিয়মিত চলবে উল্লেখ করে এএসপি জাবির বলেন, মতলব উত্তর থানায় সম্প্রতি নতুন অফিসার যোগদান করেছেন। তার নেতৃত্বে সেখানে মাদকবিরোধী অভিযান আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মতলবের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে মতলববাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন রাষ্ট্রপতি পুলিশ পদকপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-এ ভূষিত হওয়ার মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীবকে শনিবার (২৬ সেপ্টেম্বর ) রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে মর্যাদাপূর্ণ এ পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।