চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল বলেছেন, দেশের শিক্ষার মান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষকদের সুযোগ-সুবিধা, বিদ্যমান সমস্যাসহ যেসব কারণে শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে, সেগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার (৬ জুলাই) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চলমান এইচএসসি ও আলিম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. মুহাম্মদ জালাল বলেন, পরীক্ষার সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু নকল প্রতিরোধ করলেই হবে না, শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধান নিশ্চিত করতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।
পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা পরিচালনায় নিয়োজিত শিক্ষক, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রহমতুল্লাহ, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসানসহ পরীক্ষা পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।