বাংলাদেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
আজ বৃহস্পতিবার লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এ প্রকল্পে দেশের নিজস্ব বিজ্ঞানীরা কাজ করছেন। মহাকাশ গবেষণা ও প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের তরুণদের দক্ষতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
তারেক রহমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ বিশ্বকে নেতৃত্ব দেবে। তরুণদের শুধু বিমান পরিচালনা কিংবা উড্ডয়ন প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে গবেষণা, উদ্ভাবন ও মহাকাশ প্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে।
তিনি আরও বলেন, তরুণদের জন্য আধুনিক গবেষণাগার, প্রযুক্তিগত প্রশিক্ষণ, উদ্ভাবনী সুযোগ এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে সরকার কাজ করছে। মেধাভিত্তিক পরিবেশ নিশ্চিত করা গেলে বাংলাদেশের তরুণেরাও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারবেন।
দুই দিনব্যাপী জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় ৭৪টি দল এবং ২৯৬ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার চারটি বিভাগ হচ্ছে—ফিক্সড উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিকস এবং সকার বট।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তরুণ গবেষক ও উদ্ভাবকদের উৎসাহিত করে বলেন, প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের জন্য শিক্ষা, গবেষণা ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের সমন্বয় প্রয়োজন।
সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান বিমান চলাচলকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যও নির্ধারণ করেছে বলে প্রধানমন্ত্রী জানান। তরুণদের উদ্ভাবনী কার্যক্রমে সহায়তার জন্য পাঁচশ কোটি টাকা বরাদ্দের কথাও তুলে ধরেন তিনি।