সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১২ মার্চ) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সুন্দরবনের শেলা নদীসংলগ্ন মূর্তির খাল এলাকায় কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর কয়েকজন সদস্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গনি (৩৮)-কে আটক করা হয়।
পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে বনাঞ্চলের ভেতরে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ।
আটক ওসমান গনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে সুন্দরবনে ডাকাতি এবং ডাকাতদের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের কাজে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
কোস্টগার্ড জানায়, আটক ব্যক্তি এবং জব্দকৃত আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্টগার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।