চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও বাগানবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত জানাযায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মোশাররফ হোসেনকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউর হক।
জানাযা পূর্বক নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও বাগানবাড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন এর স্মৃতিচারণ ও তাঁর জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন, চাঁদপুর-২ নির্বাচনী আসনের জামায়াত প্রার্থী ডা. আব্দুল মুবিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী পুত্র তানভীর হুদা, জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাড. শহিদুল আলম চন্দন, কর্নেল (অবঃ) মতিউর রহমান ঝন্টু, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. শামীম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুজাম্মেল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কাস্টমস কর্মকর্তা সাইদুর রহমান রুবেল, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উল্যাহ।
উল্লেখ্য, ৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকার পান্থপথের বিআরবি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বীর মুক্তিযোদ্ধা মরহুম মোশাররফ হোসেন মাস্টার এই আসনে চারবারের সাংসদ ও প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার বোন জামাই।