ইমামপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইমামপুর প্রিমিয়ার লীগ ডাবল ফ্রিজ কাপ ফুটসাল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মামুন একতা বন্ধুমহল একাদশ মরাধন ১-০ গোলে আদুরভিটি গৈপুর ইয়াংম্যান্স ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম। তিনি বলেন, “তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে যুব সমাজকে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক ভূমিকা রাখে।”
বিশিষ্ট সমাজসেবক মো. নওয়াব আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. শাহ্ আলম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজালাল প্রধান, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম শান্ত, শিক্ষানুরাগী মো. খালেকুজ্জামান, সাবেক ব্যাংকার মো. জাকির হোসেন খান এবং এসইএল মডেল একাডেমির শিক্ষক মো. জমির সরকার।
খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে প্রথমার্ধে মামুন একতা বন্ধুমহল একাদশ মরাধন একটি গুরুত্বপূর্ণ গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে উভয় দল একাধিক আক্রমণ পরিচালনা করলেও আর কোনো গোলের দেখা মেলেনি। ফলে ১-০ গোলের জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় মামুন একতা বন্ধুমহল একাদশ মরাধন।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
এ সময় বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে উপভোগ্য ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।