চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রসুলপুর গ্রামে বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বিএনপির আয়োজনে শনিবার (২৯ নভেম্বর) সকালে উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধানের শীষ বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতীক। তাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, যারা এখনো দলের বাইরে আছেন বা নিষ্ক্রিয় আছেন, সবাইকে মাঠে নেমে ধানের শীষে ভোট চাইতে হবে। চাঁদপুর-২ আসনটি বিএনপিকে উপহার দিতে হলে প্রত্যেক কর্মীকে নিবেদিতভাবে কাজ করতে হবে।
ড. জালাল উদ্দিন দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চান। তিনি বলেন, আমাদের মা আজ অসুস্থ। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দেন এ জন্য সবাই দোয়া করবেন।
মতবিনিময় সভায় উপস্থিত নেতা কর্মীদের প্রতি প্রতিটি বাড়িতে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন আদায়ের আহ্বান জানানো হয়। সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ড. মো. জালাল উদ্দিন।
সভায় উপজেলা বিএনপির সাধারণ সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাস্তুহারা দলের সিনিয়র সহ-সভাপতি আনিছুল আওয়াল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ সোহেল, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান আনিস, উপজেলা কৃষকদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, উপজেলা ও ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।