নরসিংদীর রায়পুরার হাসনাবাদ এলাকার ছন্দা সিনেমা হলটি একসময় দর্শকপ্রিয় হিসাবে বেশ সমাদৃত ছিলো। তবে সময়ের আবর্তনে সেই জৌলুস আজ ম্লান আর তাই হল মালিক তায়েফ বিক্রি করে দিয়েছেন এর পাশের এতিমখানা মাদ্রাসার কাছে।
গতকাল শনিবার দুপুরে হল এলাকার রাস্তার পাশে একটি ব্যানার সাঁটানো হয়েছে।
এতে লেখা রয়েছে, ‘আলহামদুলিল্লাহ ছন্দা সিনেমা হলটি মাদ্রাসার জন্য বায়না করা হয়েছে। চুক্তিমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা, বায়না মূল্য ২০ লাখ টাকা। সাদকায়ে জারিয়ার এ মহৎ কাজে আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি। প্রচারে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।’
সরজমিনে দেখা যায়, হলটির সামনে ঝুলছে ছোট-বড় আকারের ‘রাজকুমার’ ছবির পোস্টার। ভেতরে শো চলছে। পরবর্তী শো দেখতে হলটির সামনে কিছু দর্শক অপেক্ষাও করছেন।
মাদ্রাসার জিম্মাদার জানান, ইদরিসিয়া দারুল কোরআন মাদ্রাসার কাছে ১ কোটি ৩০ লাখ টাকায় বিক্রি হয়েছে। এ জন্য ২০ লাখ টাকা বায়নাও করা হয়েছে। সিনেমা হলটি ভেঙে প্রতিষ্ঠা করা হবে একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে মালিকপক্ষ বলছে, করোনার পর থেকে নানা কারণে সিনেমা হলে দর্শকের উপস্থিতি কমেছে। ব্যবসায় নেমেছে ধস। ইতিমধ্যে হলটি বায়না দলিলে বিক্রির প্রাথমিক প্রক্রিয়া শেষ।
বর্তমানে দেশের চলচ্চিত্র শিল্প চরম ক্রান্তিকাল পার করছে। মোবাইল ফোনে যখন খুশি তখনই সব মেলে। সিনেমা হলে তেমন যেতে হয় না। নরসিংদীসহ পুরো দেশের অধিকাংশ সিনেমা হল প্রায় বন্ধ। নরসিংদীতে গত দুই দশকে বন্ধ হয়ে গেছে ১৫টির প্রেক্ষাগৃহ। সর্বশেষ, রায়পুরার হাসনাবাদের আশির দশকের ছন্দা সিনেমা হল বিক্রি হয়ে যাচ্ছে।