প্রিন্সিপাল আবুল কালাম আজাদের আন্তরিক উদ্যোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত মতলব সরকারি ডিগ্রি কলেজ জামে মসজিদের মূল অংশের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
দীর্ঘদিনের পরিকল্পনা, প্রচেষ্টা ও নিরলস শ্রমের পর মসজিদের মূল অংশের কাজ সমাপ্ত হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
মসজিদের নির্মাণকাজকে এগিয়ে নিতে মতলব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ দীর্ঘ সময় ধরে নিজস্ব জ্ঞান, বুদ্ধিমত্তা, চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে গেছেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যয়কে সামনে রেখে তিনি মসজিদের নির্মাণকাজের বিভিন্ন বিষয় তদারকি ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মূল অংশের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর আজ কলেজের সকল শিক্ষক মণ্ডলী মসজিদটি পরিদর্শন করেন। এ সময় তাঁরা মসজিদের নির্মাণকাজ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি ও সৌন্দর্যে সন্তুষ্টি প্রকাশ করেন। শিক্ষকরা এ মহৎ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মসজিদের অবশিষ্ট কাজও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কলেজ সংশ্লিষ্টরা জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মসজিদের এমন সুন্দর ও পবিত্র স্থাপনা শিক্ষার্থী ও শিক্ষকসহ সকলের ধর্মীয় ও নৈতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মহান আল্লাহ তায়ালা মসজিদের নির্মাণকাজে সম্পৃক্ত সকলের শ্রম ও প্রচেষ্টা কবুল করুন এবং এই মসজিদকে ইবাদত-বন্দেগি ও কল্যাণের কেন্দ্র হিসেবে কবুল করুন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।