রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ উদ্যোগে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপক্ষে ভোট পড়েছে ছয়টি এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ।
আজ বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের তথ্যের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে।
প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক বক্তব্য দেন।
তিনি বলেন, রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির নয় বছর পার হলেও প্রত্যাবাসনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এর ফলে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাসংক্রান্ত নানা চাপ মোকাবিলা করতে হচ্ছে।
প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয় তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছানো এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে।
যুক্তরাষ্ট্র প্রস্তাবটির আন্তর্জাতিক অপরাধ আদালতসংক্রান্ত (আইসিসি) উল্লেখের বিষয়ে আপত্তি জানিয়ে ভোটাভুটির দাবি করেছিল। তবে দেশটি মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ অব্যাহত থাকার কথা জানিয়েছে এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার জন্য বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেছে।
বাংলাদেশের প্রতিনিধি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তাঁর বক্তব্য, সংকটের উৎপত্তি মিয়ানমারে; তাই এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিশ্চিত করতে হবে।