চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিন, জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী, গণঅধিকার পরিষদের বি এম গোলাপ হোসেন এবং নাগরিক ঐক্যের মো. এনামুল হক।
রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, যাচাই-বাছাইয়ের সময় এসব প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র ও সংযুক্ত কাগজপত্র নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী সঠিক ও পূর্ণাঙ্গ পাওয়ায় তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন বৈধ ঘোষণার পর পৃথক প্রতিক্রিয়ায় প্রার্থীরা জানান, তারা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের রাজনৈতিক অবস্থান ও কর্মসূচি তুলে ধরতে প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর পাশাপাশি এলাকার উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই তাদের প্রধান অঙ্গীকার বলে জানান তারা।
উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৬ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন। আপিল ও প্রত্যাহার প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।