সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে কুখ্যাত ছোট সুমন বাহিনীর এক সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সুন্দরবনের ফেলুর খণ্ড ও বৈদ্যমারী এলাকায় ছোট সুমন বাহিনীর এক সদস্য অবস্থান করছে। এর প্রেক্ষিতে গত রবিবার (২২ মার্চ) বিকাল ৩টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও হারবারিয়া স্টেশনের সদস্যরা বাগেরহাটের মোংলা থানাধীন বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য ইয়াছিন সেখ (৪০)কে আটক করা হয়। তিনি মোংলা উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সঙ্গে জড়িত থেকে ডাকাতি কার্যক্রমে অংশগ্রহণ এবং অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।
পরে আটককৃত ইয়াছিন সেখের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ মার্চ) রাত ১টার দিকে মোংলা থানাধীন ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।