চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রবীণ আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মো. রুহুল আমিন আর নেই। আদালতে মামলা পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্রাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দীর্ঘ প্রায় ৫৪ বছর ধরে আইন পেশায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চাঁদপুর আদালতে একটি মামলা পরিচালনার সময় তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম অ্যাডভোকেট রুহুল আমিনের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে। তবে পেশাগত কারণে তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় বসবাস করে আসছিলেন।
আইন পেশার পাশাপাশি তিনি রাজনীতিতেও দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরবর্তীতে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও সফলতার সঙ্গে পালন করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর একমাত্র ছেলে সুমন বর্তমানে জাপানে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর জানাজা ও দাফনের সময়সূচি নির্ধারণ করা হবে। ততক্ষণ পর্যন্ত মরহুমের মরদেহ চাঁদপুর বেগম মসজিদের হিমঘরে সংরক্ষণ করা হবে। পরে জানাজা শেষে চাঁদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে চাঁদপুরের আইন অঙ্গন ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় সুধীজন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।