কৃষকের ফসলী জমি ও মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ রক্ষার্থে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার ষাটনল ইউনিয়নের কনু মার্কেট বেড়িবাঁধের উপর আয়োজিত মানববন্ধন কর্মসূচির উদ্যোগ নেয় ষাটনল ইউনিয়ন কৃষকদল।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু।
ষাটনল ইউনিয়ন কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ষাটনল ইউপির সাবেক চেয়ারম্যান দেওয়ান গুলজার আলম, মতলব দক্ষিণ উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইসমাইল হোসেন, ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা কমিটির সভাপতি জিএম মানিক, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সারা ফাউন্ডেশনের পরিচালক আমিনুল ইসলাম রাসেল, সাদাকালো সংগঠনের নেতা এস কে সানি প্রমুখ। এছাড়া মতলবের বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধনে অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বলেন, আমি চাঁদপুরের জেলা প্রশাসককে সরাসরি লিগ্যাল নোটিশ দিয়েছি। অবিলম্বে ১৫ দিনের মধ্যে মেঘনা ও ধনাগোদা নদী থেকে সব অবৈধ ড্রেজার তুলে নিতে হবে। ডিসি আমাকে বার্তা দিয়েছেন এগুলো নাকি মুন্সিগঞ্জ থেকে ইজারা নিয়ে চলছে। কিন্তু বালু উত্তোলন আইন অনুযায়ী, বেড়িবাঁধ, বসতবাড়ি ও স্থাপনার এক কিলোমিটারের মধ্যে কোনোভাবেই বালু উত্তোলন করা যায় না। অথচ আমরা দেখছি, বেড়িবাঁধ ঘেঁষে বালু তোলা হচ্ছে। প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলছি, মানুষকে ঘুম পাড়ানোর মাসি-পিসির খেলা আর চলবে না।
তিনি আরও বলেন, অনেকে বলে মানববন্ধনকারীরা নাকি স্বার্থান্বেষী। আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, উপরে আল্লাহ আছেন, আমার মৃত্যু হলেও আমি মতলবের মানুষের স্বার্থে ও বেড়িবাঁধ রক্ষার্থে বালু সন্ত্রাসীদের সাথে কোনো আপোষ করবো না।