চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এখন প্রকৃতি যেন রঙের খেলায় মেতে উঠেছে। গ্রীষ্মের প্রখর রোদেও চোখ জুড়িয়ে দিচ্ছে কৃষ্ণচুড়া ফুলের ঝলক।
উপজেলার বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস চত্বর ও গ্রামীণ পথের দু’ধারে কৃষ্ণচুড়া গাছ এখন ফুলে ফুলে ভরে উঠেছে।
এ ফুলের উজ্জ্বল লাল-কমলা রঙ যেন এক ঝলকে মুগ্ধ করে পথচারীদের। বিশেষ করে উপজেলা পরিষদের চত্বরে, বাগানবাড়ি ইউনিয়ন, কলাকান্দা ইউনিয়নের বিভিন্ন এলাকা, সাদুল্ল্যাপুর, ধনাগোদা নদীর পাড়, ফরাজিকান্দি ও সুজাতপুর বাজার এলাকার কৃষ্ণচুড়া গাছগুলো এখন দর্শনার্থীদের মনোযোগ কেড়েছে।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, প্রতি বছর এই সময়টাতে কৃষ্ণচুড়ার এমন দৃশ্য চোখে পড়ে। তবে এবার ফুলের পরিমাণ বেশি, যা খুবই আনন্দদায়ক।
বিদ্যালয়ের শিক্ষক রুবিনা আক্তার জানান, আমাদের স্কুল মাঠের পাশে বড় একটি কৃষ্ণচুড়া গাছ আছে। গাছটা এখন যেন আগুনের ফুলে ঢাকা পড়েছে। ছাত্রছাত্রীরা প্রতিদিনই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে।
প্রকৃতিপ্রেমী ও স্থানীয় সামাজিক সংগঠনগুলোর দাবি, মতলব উত্তর উপজেলার প্রতিটি ইউনিয়নে পরিকল্পিতভাবে কৃষ্ণচুড়া, রাধাচুড়া, কাঞ্চন, জারুলসহ রঙিন ফুলের গাছ লাগানো হলে সৌন্দর্যের পাশাপাশি পরিবেশও সুন্দর থাকবে। পাশাপাশি ফুলে ফুলে সাজানো একটি পরিচ্ছন্ন ও প্রাণবন্ত উপজেলা গড়ে তোলা সম্ভব।
উপজেলা বন বিভাগের হাবিবউল্লা ফরাজি জানান, সরকারি এবং বেসরকারি উদ্যোগে গাছ লাগানোর কর্মসূচি চলছে। আগ্রহীরা চাইলে কৃষ্ণচুড়া সহ বিভিন্ন প্রজাতির ফুলগাছ রোপণে সহায়তা পেতে পারেন।
এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই অনেকে মোবাইল ক্যামেরা হাতে বের হচ্ছেন ছবি তুলতে। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে দিচ্ছেন ‘রঙের উৎসব’ শিরোনামে পোস্ট। প্রকৃতির এমন বৈচিত্র্য ধরে রাখতে প্রয়োজন সচেতনতা ও গাছের যত্ন নিতে হবে এমনটাই মনে করছেন সচেতন মহল।