চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগার ঘটনায় পারভেজ বেপারী (১৬) নামে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ মে ২০২৫) দুপুরে উপজেলার ধনাগোদা স্কুল অ্যান্ড কলেজের সামনে বেড়িবাঁধ সড়কে ঘটনাটি ঘটে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত পারভেজ বেপারী মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের মধ্য রায়ের কান্দি, বেপারী বাড়ির বাসিন্দা। তার পিতার নাম আমির হোসেন বেপারী। তিনি ধনাগোদা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
দুর্ঘটনায় পারভেজের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায়। আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. নাজমুল বলেন, “ছেলেটি বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে একটি গাছে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই সে মাটিতে পড়ে যায় এবং আমরা দৌড়ে গিয়ে দেখি, সে খুব গুরুতর আহত অবস্থায় ছিল।”
এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।