হয়তো কোন এক বসন্তে আমার মৃত্যু হবে
চারদিকে যখন ডাকবে কোকিল কুহুকুহু,
প্রকৃতি সাজবে সবুজ সাজে
গাছে গাছে ফুল ফুটবে মুহূর্মুহু।
ঠিক তখনি আমার সবুজ জীবন
হয়ে যাবে ধূসর,
উড়ে যাবে দূরে
এই ক্লান্ত প্রানভ্রমর।
উড়তে উড়তে হয়ে যাবে সাদাবক
এক আকাশ থেকে অন্য আকাশে,
চলে যাবে ঐ দূর দিগন্তে।
ভুলে যেও আমার দেয়া দূঃখগুলো
ভুলেই যেও শরীরের কোনে লুকোন ব্যথা
মনের একান্ত গোপন কথা,
চোখের ভাষায় দেয়া ওয়াদা
আরও জীবনের যত শতকবিতা।।
মৌমাছি যেমনে হারায় তার প্রাণ
আমিও হেরে যেতে চাই মিষ্টি বসন্তে,
বসন্ত আসে; ফুলের রেণু ভাসে
চারিদিকে সকলের আয়ু বাড়ে অনায়াসে।
তবুও মৌমাছির প্রথম মিলনেই হারাই তার প্রাণ
আমিও ফুরাই এই বাসন্তি রঙের পৃথিবী থেকে,
বিরহী সুরে বেজে উঠে বিদায়ী ভায়োলিন।
আর এমন বধু দেখা লগ্নে
তোমরা আমাকে বিদায় দিও,
চোখ ভরা অশ্রু দিয়ে।
সুরমা আতরে সাজিয়ে
রেখে দিয়ো মনের মনিকোঠায়,
অব্যক্ত স্বপ্নগুলোজীবন্ত যেথায়।
ধুক ধুক করেজ্বলে যে জীবন
কেরোসিন শেষে হারিকেনের মত;
ধপ করে নিভে যাক,
বসন্তের সাতরঙা পাখিগুলো
কান পেতে শুনুক,
জরাজীর্ণ গ্লানিময় জীবনের
নিবিড় সমাপ্তি হোক।