তানভীর হুদা—এই নামটি কেবল একজন ব্যক্তির পরিচয় নয়, এটি বৃহত্তর মতলবের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে এক বিশেষ অনুভূতির প্রতীক। তিনি কোনো মৌসুমি রাজনীতিজীবী নন, নন সুবিধাবাদী সময়সন্ধানী নেতা। বরং রাজনীতিক পরিবারে জন্ম নেওয়া একজন জনসচেতন মানুষ, যিনি আদর্শ, আনুগত্য ও সংগ্রামের পথ বেছে নিয়ে নিজেকে তৃণমূলের মানুষের কাছে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। তাঁর রাজনৈতিক পথচলা ক্ষমতার শর্টকাটে নয়; এটি দীর্ঘ অধ্যবসায়, নৈতিক দৃঢ়তা এবং মানুষের ভালোবাসাকে পাথেয় করে এগিয়ে চলার এক অনন্য কাহিনি। তিনি এমন এক পরিবারে বেড়ে উঠেছেন, যেখানে রাজনীতি ছিল কেবল পেশা নয়—দায়িত্ব, বিশ্বাস এবং মানুষের প্রতি অঙ্গীকার। তাঁর পিতা মোঃ নুরুল হুদা যে রাজনৈতিক আদর্শ ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা দিয়েছেন, তা তাঁর মানসগঠনে গভীর ছাপ ফেলেছে। ছোটবেলা থেকেই তিনি বুঝেছেন রাজনীতি মানে শুধু মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া নয়; রাজনীতি মানে মানুষের ঘরে ঘরে যাওয়া, দুঃসময়ে পাশে দাঁড়ানো, অন্যায়ের প্রতিবাদ করা এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষা করা। এই শিক্ষাই তাঁকে আলাদা করেছে অনেক সমসাময়িক নেতার থেকে।
দলীয় পদ-পদবী কিংবা ব্যক্তিগত লাভের প্রলোভন তাঁকে কখনও টলাতে পারেনি। শহীদ প্রেসিডেন্ট Ziaur Rahman-এর নীতি এবং মাদার অব ডেমোক্রেসি খ্যাত Khaleda Zia-এর আদর্শ অনুসরণে তিনি অবিচল থেকেছেন। অনেকেই সময়ের চাপে আদর্শ থেকে সরে যান, সুবিধার জন্য অবস্থান বদলান, কিন্তু তানভীর হুদার রাজনীতিতে সেই বিচ্যুতি দেখা যায় না। তাঁর কাছে জাতীয়তাবাদ কোনো স্লোগান নয়; এটি হৃদয়ের বিশ্বাস। তিনি বুকে ধারণ করেন জাতীয়তাবাদের অমৃত সুধা, আর সেই বিশ্বাস তাঁকে বারবার রাজপথে নামতে সাহস জোগায়। দলের প্রয়োজনে তিনি যেমন সামনে দাঁড়াতে জানেন, তেমনি দলের নির্দেশ মাথা পেতে নিতে শিখেছেন। আজকের রাজনীতিতে যেখানে অনেকেই নিজেকে দলের ঊর্ধ্বে ভাবতে চান, সেখানে তিনি সংগঠনকে প্রাধান্য দেন। অহমিকা কিংবা দাম্ভিকতা তাঁর চরিত্রে জায়গা পায়নি। তিনি বহমান নদীর মতো—কুলকুল শব্দে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলেন। তিনি জানেন, রাজনীতি মানে দীর্ঘ পথ; এখানে অস্থিরতা নয়, ধৈর্যই বড় শক্তি।
তানভীর হুদা তেলবাজি বা অতিরঞ্জিত চাটামি করতে শিখেননি। তিনি শিখেছেন কাজ করে যেতে। রাজনীতির বাস্তবতায় দেখা যায়, যারা তেলবাজি ও চাটামিতে দক্ষ, তারা অনেক সময় ভুল করলেও রেহাই পেয়ে যায়। কিন্তু যারা নিরলস পরিশ্রম করে, মাঠে থাকে, মানুষের পাশে থাকে—তাদের ভুলগুলো বড় করে দেখা হয়। তানভীর হুদা সেই দ্বিতীয় দলের মানুষ। তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হতে চান না; তিনি কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চান। তিনি চাইলে রাজনীতির কঠিন পথ এড়িয়ে অন্য কোনো আরামদায়ক জীবন বেছে নিতে পারতেন। উচ্চশিক্ষা, মেধা ও ব্যক্তিত্বের বিচারে বিশ্বের যেকোনো বড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা তাঁর পক্ষে অসম্ভব ছিল না। বড় কোনো বহুজাতিক প্রতিষ্ঠানে উচ্চপদে দায়িত্ব নিয়ে আরামদায়ক জীবনযাপন করাও তাঁর জন্য কঠিন ছিল না। কিন্তু তিনি সেই পথ নেননি। তিনি বেছে নিয়েছেন রাজনীতি—কারণ এখানে তিনি খুঁজে পেয়েছেন মানুষের সেবা করার এক অমৃত সুধা। তিনি বিশ্বাস করেন, মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি। সেই ভালোবাসা অর্জনের জন্যই তিনি দিনরাত এক করে ছুটে বেড়ান।
আমি তাঁকে কাছ থেকেও দেখেছি, দূর থেকেও পর্যবেক্ষণ করেছি। তাঁর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ যেমন হয়েছে, তেমনি তাঁর কাজকর্ম দূর থেকে দেখারও সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে, তিনি শুধু একজন সাধারণ রাজনৈতিক কর্মী নন; তিনি এক ধরনের দায়বদ্ধ মানুষ। যোগ্যতার বিচারে তাঁকে মহান মানুষ বললেও হয়তো কম বলা হবে। একজন লেখক হিসেবে আমি সবসময় চেষ্টা করি কলমের আচড় নিরপেক্ষ রাখতে। তবুও তাঁকে নিয়ে লিখতে বসলে মনে হয়, কিছু কি বাদ পড়ে গেল? তাঁর কাজের বিস্তৃতি, মানুষের প্রতি মমত্ববোধ, সংগঠনের প্রতি আনুগত্য—সবকিছু একত্রে ধরতে গেলে শব্দ যেন কম পড়ে যায়।
বৃহত্তর মতলব অঞ্চলে বহু জ্ঞানী-গুণির জন্ম হয়েছে। অনেকের সম্পর্কে জানার সৌভাগ্য হয়েছে। কিন্তু তানভীর হুদার ক্ষেত্রে একটি ভিন্ন অনুভূতি কাজ করে। তিনি কোনো বিশাল আয়োজন বা প্রচারণা ছাড়া মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আজকের সময়ে যেখানে জনপ্রিয়তা তৈরির জন্য সামাজিক মাধ্যমে বিপুল প্রচারণা, ব্যানার-ফেস্টুন, বড় বড় অনুষ্ঠান প্রয়োজন হয়—সেখানে তিনি নীরবে কাজ করে মানুষের মণিকোঠায় স্থান নিয়েছেন। এটি কেবল রাজনৈতিক সাফল্য নয়; এটি সামাজিক গ্রহণযোগ্যতার স্বীকৃতি। তিনি কর্মীদের ভালোবাসেন। তাঁর কাছে একজন কর্মী সংগঠনের সম্পদ। তিনি জানেন, সংগঠন টিকে থাকে কর্মীদের ত্যাগে। তাই তিনি চেষ্টা করেন তাদের সম্মান দিতে, মতামত শুনতে, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে। তিনি কাউকে ব্যবহার করে ফেলে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করেন না। বরং তিনি সম্পর্ককে দীর্ঘমেয়াদি করে দেখতে চান। তাঁর এই মনোভাব কর্মীদের মধ্যে আস্থা তৈরি করেছে।
তানভীর হুদার রাজনীতি কেবল নির্বাচনী রাজনীতি নয়; এটি সামাজিক দায়বদ্ধতার রাজনীতি। এলাকার শিক্ষা, সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি—এসব ক্ষেত্রেও তাঁর আগ্রহ রয়েছে। তিনি বিশ্বাস করেন, রাজনীতি মানে কেবল ক্ষমতায় যাওয়া নয়; সমাজকে আলোকিত করা। তাই তিনি তরুণদের উৎসাহিত করেন শিক্ষা গ্রহণে, সামাজিক কাজে যুক্ত হতে। তিনি চান, ভবিষ্যৎ প্রজন্ম আদর্শবান হোক। সমালোচনা যে নেই, তা নয়। রাজনীতির মাঠে সমালোচনা অবশ্যম্ভাবী। কেউ তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে, কেউ তাঁর অবস্থান নিয়ে দ্বিমত পোষণ করেছে। কিন্তু তিনি প্রতিক্রিয়াশীল হননি। বরং তিনি ধৈর্য ধরে সমালোচনা শুনেছেন, প্রয়োজন হলে আত্মসমালোচনাও করেছেন। এই আত্মসমালোচনার মানসিকতা তাঁকে আরও পরিণত করেছে। তিনি জানেন, ভুল থেকে শিক্ষা নেওয়াই উন্নতির পথ। তাঁর মধ্যে একটি বিরল গুণ হলো নম্রতা। অনেকেই সামান্য জনপ্রিয়তা পেয়ে নিজেকে দূরে সরিয়ে নেন। কিন্তু তিনি মানুষের সঙ্গে সহজভাবে মিশতে পারেন। গ্রামবাংলার চায়ের দোকান থেকে শুরু করে পারিবারিক সামাজিক অনুষ্ঠান—সব জায়গায় তাঁর স্বাভাবিক উপস্থিতি মানুষকে স্বস্তি দেয়। তিনি দূরত্ব তৈরি করেন না; তিনি সেতুবন্ধন গড়ে তোলেন।
রাজনীতিতে দীর্ঘস্থায়ী হতে হলে প্রয়োজন বিশ্বাসযোগ্যতা। তানভীর হুদা সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন নিজের ধারাবাহিকতার মাধ্যমে। তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী। মানুষের সমস্যা শুনে তা সমাধানের চেষ্টা করেন। সব সমস্যা হয়তো তাঁর পক্ষে সমাধান করা সম্ভব নয়, কিন্তু আন্তরিক প্রচেষ্টা মানুষকে আশ্বস্ত করে। এই আন্তরিকতাই তাঁকে আলাদা করেছে।
আমি জানি না আগামীর মতলব কেমন হবে। রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে, নতুন নেতৃত্ব আসতে পারে, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টাতে পারে। কিন্তু একটি বিষয় আমি উপলব্ধি করি—তানভীর হুদা তাঁর কাজের মাধ্যমে মানুষের মনে যে জায়গা তৈরি করেছেন, তা সহজে মুছে যাবে না। তিনি হয়তো আজ একটি নির্দিষ্ট পরিসরে কাজ করছেন; কিন্তু তাঁর আদর্শ ও কর্মস্পৃহা যদি একইভাবে অব্যাহত থাকে, তবে তিনি বৃহত্তর পরিসরেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। হয়তো সেদিন খুব দূরে নয়, যেদিন তিনি তাঁর কর্মগুণে অনন্য আসনে আসীন হবেন। তবে সে আসন ক্ষমতার আসন কি না, তা বড় কথা নয়; বড় কথা হলো মানুষের হৃদয়ের আসন। কারণ রাজনৈতিক ক্ষমতা সময়ের সঙ্গে বদলায়, কিন্তু মানুষের ভালোবাসা দীর্ঘস্থায়ী। তিনি যে ভালোবাসা অর্জন করেছেন, সেটিই তাঁর সবচেয়ে বড় সম্পদ।
তানভীর হুদা শত-সহস্র বছর বেঁচে থাকবেন কি না, তা সময় বলবে। কিন্তু এই পলিমাটির অঞ্চলে তিনি তাঁর কাজের মাধ্যমে যে চিহ্ন রেখে যাচ্ছেন, তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি প্রমাণ করেছেন, রাজনীতি মানে কেবল প্রতিযোগিতা নয়; এটি মানুষের প্রতি দায়বদ্ধতার নাম। তিনি দেখিয়েছেন, আদর্শ ও আনুগত্য নিয়ে রাজনীতি করা সম্ভব। তিনি শিখিয়েছেন, তেলবাজি নয়—কাজই একজন নেতাকে প্রতিষ্ঠিত করে।
শেষ পর্যন্ত বলতে হয়, তানভীর হুদা কেবল একটি নাম নয়; তিনি একটি অনুভূতি। গণমানুষের ভালোবাসা তাঁর সঙ্গে জড়িয়ে গেছে। তাঁর পথচলা সংগ্রামের, তাঁর ভাষা শালীনতার, তাঁর বিশ্বাস জাতীয়তাবাদের, তাঁর শক্তি মানুষের আস্থা। তিনি রাজপথের সন্তান, তৃণমূলের প্রতিনিধি, আদর্শের ধারক। আর এই কারণেই তিনি গণমানুষের ভালোবাসার আরেক নাম হয়ে উঠেছেন।
লেখক :
আজম পাটোয়ারী
প্রকাশক
আরডিএম মিডিয়া এন্ড প্রকাশনী।