চাঁদপুরের মতলব উত্তরে জাটকা সংরক্ষণে অভিযান চালিয়ে ১২ জন জেলেকে আটক এবং ৫টি মাছধরা নৌকা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার এখলাশপুর, বোরচর, মোহনপুর ও দশানী সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ২০০ কেজি জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনা জব্দ করা হয়। পাশাপাশি ৪টি বেহুন্দী জাল ও প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত নৌকাগুলো পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের মধ্যে ৮ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ৪ জনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন’সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজন চন্দ্র বর্মন (৩০), সনজিত চন্দ্র বর্মন (৪০), মনির হোসেন মিজি (৩৫), অমিত চন্দ্র বর্মন (১৮), দুলাল বর্মন (৩৫), মো. বাদশা (৪৮), রনজিৎ (৫০), মধ্যম চন্দ্র বর্মন (৪৫), শফিকুল ইসলাম (৪৫), মো. নাদিম হোসেন (১৮), রনজিৎ (৩৫) ও দুলাল (২৮)।
সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ বলেন, জাটকা আমাদের জাতীয় সম্পদ। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ জাটকা আহরণ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জাটকা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।