চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকালে উপজেলার দক্ষিণ ব্যাসদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এবারের ক্যাম্পেইনে উপজেলার ১টি স্থায়ী ও ৩৬০টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে মোট ৪২ হাজার ৪৫০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ২৪৫ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৮ হাজার ২০৫ জন শিশুকে একটি করে উচ্চক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
ক্যাম্পেইন চলাকালে চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীন মতলব উত্তর উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন এবং কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাস, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোবারক হোসেন, হেলথ ইন্সপেক্টর (ইনচার্জ) সুভাষ চন্দ্র সরকার এবং মেডিকেল টেকনোলজিস্ট ভাসান চন্দ্র কীর্তনীয়াসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত জটিলতা ও মৃত্যুঝুঁকি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি অভিভাবকের উচিত নিজ দায়িত্বে শিশুদের নির্ধারিত কেন্দ্রে এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা।
তিনি এ কর্মসূচি শতভাগ সফল করতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।