আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ-১ আসন (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার স্টেডিয়াম মাঠে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
তাহিরপুর উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন ও জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া। যুগ্ম আহ্বায়ক জোনাব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী জননেতা কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, তাহিরপুর উপজেলা বিএনপির সদস্য সালমা নজির, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন এবং জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জেলা সভাপতি মাওলানা তোফাজ্জল হক আজিজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আবুল হোসেন, ঢাকা কলেজ শাখা ছাত্রদল নেতা তানভীর আহমেদ খান, প্যানেল চেয়ারম্যান মাসরুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাঁরা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
শেষ নির্বাচনী জনসভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।