চাঁদপুর মতলব উত্তরে এসিড দগ্ধ গৃহবধূ মিলির ৯ মাসের শিশুকে কোলে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অফিসার ইনচার্জ মো.রবিউল হক।
গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে মিলির মৃত্যু সংবাদ পেয়ে তার বাড়িতে ছুটে যান মতলব উত্তর থানার মানবিক অফিসার ইনচার্জ মো. রবিউল হক।
এসিডদগ্ধ মিলির ৯ মাসের শিশু আপনানকে কোলে নিয়ে আদর সোহাগ করেন এবং পরে তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে আবেগঘন স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, “মানুষরুপী হিংস্র জন্তুর এসিড সন্ত্রাস দ্বারা দগ্ধ হয়ে গর্ভবতী নারী মিলি আক্তার দীর্ঘ ১০ মাস মৃত্যু যন্ত্রণার সাথে যুদ্ধ করে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসিড দগ্ধ অবস্থায় ভূমিষ্ট হওয়া ফুটফুটে বাচ্চার চেহারা কালের স্বাক্ষী হয়ে থাকবে। আমি ব্যক্তিগত জীবনে খুব কম কান্না করেছি তবে আজ চোখের পানি ধরে রাখতে পারলাম না। বাচ্চাটা মানুষের মতো মানুষ হয়ে বেড়ে উঠুক এই দোয়াই কামনা করি।”
উল্লেখ্য উপজেলার পশ্চিম সুজাতপুরে গত ২৫ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তদের দেওয়া এসিড নিক্ষেপে গৃহবধূ অন্ত:সত্ত্বা মিলির শরীরের বিভিন্ন অংশ জলসে যায়। এক মাস পর পুত্র সন্তান প্রসব করে। মিলি ১০ মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।