চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে দুই জেলেকে আটক করেছে প্রশাসন।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার এখলাশপুর ও নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ইলিশসহ দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার এখলাসপুর ইউনিয়নের নয়ানগর গ্রামের শহিদউল্ল্যা মোল্লার ছেলে আরিফ মোল্লা (৩০)। অন্যজন মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত মালন শাহ মাঝির ছেলে শাহজাহান মাঝি (৩৫)। আরিফ মোল্লাকে ৫হাজার ও শাহজাহান মাঝিকে ১০হাজার টাকা অর্থদণ্ড করা হয়।জব্দকৃত ৬ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, যিনি ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে দু’জনকে মোট ১৫,০০০ টাকা জরিমানা করেন। অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান, এবং মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী কমলেশ সরকার।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এ আইন ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।